
ঈদের ছুটিতে আকাশপথে ভ্রমণ চাহিদা বৃদ্ধি পাওয়ায় যাত্রীদের ভোগান্তির কথা বিবেচনা করে দেশের অভ্যন্তরীণ রুটে ফ্লাইট বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বিমান বাংলাদেশসহ বেসরকারি এয়ারলাইন্সগুলো।
এয়ারলাইন্সগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী বৃহস্পতিবার (২৭ এপ্রিল) থেকে মানুষ ঘরমুখো হবে। এবারের ঈদে কয়েকগুন যাত্রীচাপ বৃদ্ধি পাবে। এখন পর্যন্ত ৯০ শতাংশ টিকিট সংগ্রহ করেছে যাত্রীরা। তবে ঈদের দু’দিন আগে যাত্রীচাপ কয়েকগুণ বাড়বে বলে আকাশপথে অতিরিক্ত ফ্লাইট বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এবার যশোর ও বরিশাল রুটে টিকিটের চাহিদা সবচেয়ে বেশি। ফেরিঘাটে ঝামেলা এড়ানোর জন্য অনেকে এই রুটে আকাশপথকে বেছে নিচ্ছেন। এছাড়া যানজটের শঙ্কায় সৈয়দপুর ও রাজশাহীর মতো রুটেও আকাশপথ বেছে নিচ্ছেন যাত্রীরা।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাপরিচালক (জনসংযোগ) তাহেরা খন্দকার জানান, যশোর থেকে বরিশাল এবং সৈয়দপুর থেকে রাজশাহী রুটে আকাশ পথের যাত্রীচাপ অনেক বেশি। মূলত সড়কের যানজট এবং বাস ও ট্রেনের টিকিট না পাওয়ার কারণে যাত্রীরা এখন আকাশপথের দিকে বেশি ঝুঁকছে। এজন্য আমরা ফ্লাইট সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।
কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদকে কেন্দ্র করে অতিরিক্ত ৭টি ফ্লাইট পরিচালনা করা হবে।


