
অন্যান্য বছরের তুলনায় এবারের ঈদে যাত্রীচাপ কয়েকগুণ বাড়তে পারে। গত দু’বছর করোনার প্রকোপ থাকায় গ্রামের বাড়ি যেতে পারেননি বহু মানুষ। তবে এবার করোনার প্রকোপ কিংবা বিধিনিষেধ না থাকায় বহু মানুষ বাড়ি যাবে বলে ধারণা করা হচ্ছে।
এমন পরিস্থিতিতে ঈদ যাত্রার বাড়তি চাপ সামাল দিতে বাস, ট্রেনের পাশাপাশি প্রস্তুত রয়েছে লঞ্চঘাটগুলোও। যাত্রীদের নিরাপত্তা বিবেচনা করে ঘাটগুলোতে বাসানো হয়েছে অসংখ্য সিসি ক্যামেরা। নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থাও। এর ব্যতিক্রম ঘটেনি চাঁদপুরেও।ৎ
চাঁদপুর জেলা পুলিশ সুপার মিলন মাহমুদ জানান, ঈদ আনন্দ উপভোগ করতে সবাই যাতে নির্বিঘ্নে গ্রামের বাড়ি পৌঁছাতে পারে সেজন্য নৌ-পুলিশ ও জেলা পুলিশের পক্ষ থেকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
চাঁদপুর বিআইডব্লিউটিএর বন্দর উপ-পরিচালক একেএম কায়সারুল ইসলাম বলেন, যাত্রীচাপ বিবেচনা করে সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছি আমরা। রোজা এবং তীব্র গরমে যাতে যাত্রীদের কোন ধরনের ভোগান্তি পোহাতে না হয় সে বিষয়টিকে আমরা সর্বোচ্চ বিবেচনা রেখেছি।
উল্লেখ্য, ঈদকে ঘিরে এবার চাঁদপুর-ঢাকাসহ আরও ১৫ টি নৌপথে লঞ্চ চলবে।


