
দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার ও দেশের গুরুত্বপূর্ণ নৌরুট রাজবাড়ীর দৌলতদিয়া পাটুরিয়ায় ঈদযাত্রার প্রথম দিনেই দেখা দিয়েছে তীব্র যানজট। এতে ভোগান্তিতে পড়েছেন হাজার হাজার যাত্রী ও যানবাহনের চালকেরা।
ঈদ উপলক্ষ্যে বুধবার (২৭ এপ্রিল) থেকে ঘরমুখী হতে শুরু করেছে সাধারণ মানুষ। প্রথম দিনের ঈদ যাত্রায় প্রায় ১৮-২০ ঘণ্টা ধরে রাস্তায় দাঁড়িয়ে ফেরির জন্য অপেক্ষা করতে দেখা যায় শতশত যানবাহন। তবে ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পরও মিলছে না কাঙ্খিত ফেরি।
বিআইডব্লিউটিসি সূত্রে জানা যায়, এবারের ঈদে কয়েকগুণ যাত্রীচাপ বাড়তে পারে। তাই ঈদ পূর্ববর্তী-পরবর্তী ১০ দিন রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে অপচনশীল পণ্যবাহী গাড়ি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। সিদ্ধান্তের আলোকে পণ্যবাহী গাড়িগুলো সরে যেতে শুরু করেছে, তাই দৌলতদিয়া ঘাট এলাকায় তীব্র যানজট দেখা দিয়েছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, দৌলতদিয়া ঘাটে সকাল থেকেই যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়েছে। ফেরির অপেক্ষায় আটকে পড়েছে অন্তত কয়েকশত ছোট-বড় যানবাহন। এতে প্রায় তিন কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজট দেখা দিয়েছে।
এছাড়াও দেখা যায়, ব্যক্তিগত যান, অ্যাম্বুলেন্স ও জরুরি পচনশীল পণ্যের গাড়িগুলো কয়েকঘণ্টার মধ্যে ফেরিতে উঠার সুযোগ পেলেও সাধারণ পণ্যবাহী গাড়িগুলো ১৮-২০ ঘন্টা দাঁড়িয়েও ফেরিতে উঠতে পারছেনা।
এ বিষয়ে পাটবোঝাই ট্রাকের চালক আবুল কাশেম জানান, কয়েকঘন্টা অপেক্ষা করছি এখনও ফেরিতে উঠতে পারিনি। আজ রাত ১২টা থেকে অপচনশীল পণ্যবাহী ট্রাক চালাচল বন্ধ হয়ে যাওয়ার ঘোষণা রয়েছে তাই খুব চিন্তায় আছি।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক প্রফুল্ল চৌহান বলেন, আমরা নৌরুটে ১৯টি ফেরি সচল রেখেছি। তবে আমরা সাধ্যমতো চেষ্টা চালাচ্ছি অপেক্ষায় থাকা ট্রাকগুলোকে ফেরিতে উঠানোর।


