

করোনার কারণে দুই বছর নিষেধাজ্ঞার পর এবার কোন বিধিনেষেধ ছাড়াই পরিবার পরিজনদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ঢাকা ছাড়তে শুরু করেছে সাধারণ মানুষ। বুধবার ট্রেন, লঞ্চ ও বাসে ঈদযাত্রা শুরু হয়েছে। প্রথম দিনেই লঞ্চগুলোর বিরুদ্ধে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় ও ভাড়ার তালিকা সংরক্ষণ না করার অবিযোগ উঠেছে।
এসব অভিযোগের ভিত্তিতে বুধবার দুপুরে সদরঘাট লঞ্চ টার্মিনালে অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে তিনটি লঞ্চকে ২৩ হাজার টাকা জরিমানা করেন অধিদপ্তরের পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার।
অভিযান চলাকালে এমভি ঈগল-৭ লঞ্চটিকে ভাড়ার তালিকা না থাকা এবং ভাড়া বেশি রাখায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া এমভি প্রিন্স শাকিল নামের একটি লঞ্চকে ভাড়ার তালিকা না থাকায় তিন হাজার টাকা জরিমানা করা হয়।
আর এমভি পূবালী-১ লঞ্চকে বিআইডব্লিউটিএ কর্তৃক নির্ধারিত ভাড়ার তালিকা না থাকায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।


