
হজের প্রথম ফ্লাইট আগামী ৩১ মে শুরু হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী।
ওই দিন থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সসহ বিভিন্ন দেশের বিমান সংস্থাগুলো হজ যাত্রীদের নিয়ে সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে।
বুধবার (২৭ এপ্রিল) সচিবালয়ে এক সভা শেষে প্রতিমন্ত্রী এ তথ্য জানিয়েছেন।
প্রতিমন্ত্রী মাহবুব আলী জানান, ৭৫ ফ্লাইটে মোট ৩১ হাজার হজযাত্রী এবার সৌদি আরব যাবেন। তাদের বিমান ভাড়া নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪০ হাজার টাকা।
সচিবালয়ে অনুষ্ঠিত সভায় হাবের মহাসচিব শাহাদাত হোসেন তসলিম উপস্থিত ছিলেন। তিনি জানান, হাব এবং ধর্ম মন্ত্রণালয়ের হজযাত্রীদের বিমান ভাড়ার প্রস্তাব ছিল এক লাখ ২৫ হাজার টাকা। বিমান মন্ত্রণালয়কে অনুরোধ করা হয়েছে ভাড়া আরও কমানোর জন্য।


