
তিন দিনের রাষ্ট্রীয় সফরের শেষ দিনে জলবায়ু পরিবর্তনের খোঁজ নিতে সাতক্ষীরার শ্যামনগরে উপকূলীয় এলাকা পরিদর্শন করেছেন ডেনমার্কের রাজকুমারী ক্রাউন প্রিন্সেস মেরি এলিজাবেথ ডোনাল্ডসন।
বুধবার (২৭ এপ্রিল) সকালে বিমানবাহিনীর হেলিকপ্টারযোগে সাতক্ষীরার জেলার শ্যামনগর উপজেলায় বিভিন্ন এলাকা পরিদর্শনে যান তিনি।
এ সময় রাজকুমারী প্রথমে কুলতলী গ্রাম পরিদর্শনে যান এবং সেখানকার স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলেন। জলবায়ু পরিবর্তনের ফলে তাদের জীবনে কি ধরনের পরিবর্তন এসেছে, কি ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে ইত্যাদি বিষয়ে খোঁজখবর নেন।
সাধারণ জনগোষ্ঠীর সাথে কথা বলা শেষে রাজকুমারী নিকটবর্তী একটি বহুমুখী সাইক্লোন শেল্টার পরিদর্শনে যান এবং ঘূর্ণিঝড়ের সময় এটি কিভাবে ব্যবহার করা হয়, এর ব্যবস্থাপনা কিভাবে হয় ইত্যাদি বিষয়ে ধারণা নেন।
তারপরে তিনি সফরসঙ্গীদের সাথে নিয়ে বেড়িবাঁধে যান এবং সেখানে বসবাসরত জনগোষ্ঠীর সাথে কথা বলে কিভাবে তারা জলবায়ু পরিবর্তনজনিত প্রাকৃতিক দুর্যোগের ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, কি ধরনের ঝুঁকির সম্মুখীন হচ্ছেন তা বোঝার চেষ্টা করেন।
এরপর বিকালে রাজকুমারী হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশ্যে শ্যামনগর ত্যাগ করেন।


