খেলার মাঠ নয়, পরিত্যক্ত সম্পত্তি ছিল তেঁতুলতলা: স্বরাষ্ট্রমন্ত্রী
হেড অফ ডিজিটাল মিডিয়া

তেঁতুলতলা কখনও খেলার মাঠ ছিল না, এটা পরিত্যক্ত সম্পত্তি ছিল। সেজন্য সেখানে থানা নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
বুধবার (২৭ এপ্রিল) দুপুরে রাজধানীর কলাবাগানের তেঁতুলতলা মাঠে থানা ভবন নির্মাণের প্রতিবাদে আন্দোলনকারীরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এলে মন্ত্রী বৈঠকে তাদের এ কথা বলেন।
বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান, স্থপতি ইকবাল হাবিব, মানবাধিকার কর্মী খুশি কবিরসহ তিন সদস্যের একটি প্রতিনিধি দল এ সময় উপস্থিত ছিলেন।
আসাদুজ্জামান খান কামাল বলেন, ঢাকা শহরে আমাদের নতুন যে থানাগুলো হচ্ছে, এগুলোর বেশিরভাগ ভাড়া বাড়িতে। ভাড়া বাড়িতে থাকায় আমাদের পুলিশ ফোর্স নানা ধরনের অসুবিধার সম্মুখীন হচ্ছে। সেজন্যই স্থায়ী অবস্থানে নেয়ার জন্য আমরা ডিসির কাছে নিয়মানুযায়ী বলেছিলাম, জমি অধিগ্রহণ করে কলাবাগানে কোনো জায়গা দেয়া যায় কি না। তারপরে ডিসি জনপ্রতিনিধিদের সঙ্গে পরার্মশ করে এই জায়গাটি আমাদের বরাদ্দ দেন। এটার মূল্য হিসেবে যে টাকা দিতে হয়, সেটিও মেট্রোপলিটন পুলিশ জমা দিয়েছে। পরে ডিসি আমাদের এটা হস্তান্তর করে।
মন্ত্রী আরও বলেন, যারা আবেদন করেছেন সেই আবেদনের পরিপ্রেক্ষিতে আমরা চিন্তা করবো কি করা যায়। বিকল্প জায়গা খুঁজে পাওয়া গেলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। তবে থানাও মানুষের জন্যই নির্মাণ হচ্ছে।


