
প্রতিবছর ঈদ এলেই বেশ চাপ লক্ষ্য করা যায় ট্রেনের যাত্রীদের। এ বছরও এর ব্যতিক্রম ঘটেনি।
এবারের ঈদ যাত্রার প্রথম দিন শুরু হয় বুধবার (২৭ এপ্রিল) থেকে। তবে গতকাল রেল পথে যাত্রীদের তেমন চাপ লক্ষ্য করা যায়নি। বৃহস্পতিবার (২৮ এপ্রিল) ঈদযাত্রার দ্বিতীয় দিনে ঈদযাত্রীদের অতিরিক্ত চাপ দেখা গেছে। রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে ছিল যাত্রীদের ভিড়।
এবারের ঈদযাত্রার প্রথম দিনেই ট্রেন শিডিউল বিপর্যয়ে পড়তে হয় যাত্রীদের। এতে বেশ ক্ষিপ্ত হতে দেখা যায় তাদের। তবে দ্বিতীয় দিনে ট্রেন বিলম্বিত হওয়ার কোন ঘটনা ঘটেনি।
কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শনকালে দেখা যায়, সময়মতো ট্রেন ধরতে সবাই ভোর থেকে স্টেশনে এসে অপেক্ষা করছেন। এ সময় তারা জানান, তাড়াতাড়ি চলে এসেছি কারণ সেহেরি খেয়ে ঘুম থেকে উঠতে উঠতে ৮ টা কিংবা ৯ টা বেজে যায়। পরে দেখা যাবে আমাকে রেখেই ট্রেন চলে যাবে। তাই কষ্ট হলেও আগে আগে স্টেশনে এসে বসে আছি।
শরিফুল নামের এক যাত্রী জানান, আমি এখানে এসে তারপর সেহেরি খেয়েছি। তারপর নামাজ পড়লাম। এখন অপেক্ষায় আছি।
এ সময় তিনি আরও জানান, বহু কাঠখড় পুড়িয়ে টিকিট হাতে পেয়েছি, যদি ট্রেন মিস করে ফেলি তাহলে সবকিছু মাটি হয়ে যাবে।
আফরিন নামের এক নারী যাত্রীর সাথে কথা হলে তিনি জানান, টেলিভিশনে দেখেছি গতকাল ট্রেন বিলম্ব হচ্ছে। তাই সেহেরি খেয়েই চলে এলাম যাতে ট্রেন মিস না হয়।
উল্লেখ্য, এবারের ঈদ যাত্রায় যাত্রীচাপ বিবেচনা করে ৬ জোড়া বিশেষ ট্রেন চলাচলের সিদ্ধান্ত নিয়েছে রেল কতৃপক্ষ।



