
একদিনের সংক্ষিপ্ত সফরে বৃহস্পতিবার (২৮ এপ্রিল) ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর।
দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নয়াদিল্লি সফরের আমন্ত্রণ জানাতে ও দুই দেশের মধ্যকার স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করতেই বাংলাদেশে আসছেন তিনি।
ভারতীয় বিমান বাহিনীর একটি বিশেষ ফ্লাইটে করে জয়শঙ্কর ঢাকায় আসবেন বলে সরকারি সূত্রে জানা গেছে। দুপুর ২টা ১০ মিনিটে তাকে বহনকারী ফ্লাইটটি কুর্মিটোলায় বাংলাদেশ বিমান বাহিনী (বিএএফ) বঙ্গবন্ধু ঘাঁটিতে পৌঁছাবে।
ঢাকায় পৌঁছানোর পর বিকাল ৪টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে সাক্ষাৎ করবেন জয়শঙ্কর। এ সময় তিনি নরেন্দ্র মোদীর আমন্ত্রণপত্র শেখ হাসিনার হাতে হস্তান্তর করবেন।
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর বিকাল ৫টায় ফরেন সার্ভিস একাডেমিতে যাবেন জয়শঙ্কর। সেখানে তিনি ভারত ও বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের সঙ্গে বৈঠক করবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, জয়শঙ্কর ও এ কে আব্দুল মোমেনের বৈঠকে দুই দেশের মধ্যকার সীমান্ত ব্যবস্থাপনা, পানি বন্টন ও বাণিজ্যিক বিষয়ে আলোচনা হতে পারে। পাশাপাশি ইউক্রেন-রাশিয়া যুদ্ধ ও প্রতিবেশি দেশগুলোর ভূ-রাজনীতি নিয়েও আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।
বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতেই সন্ধ্যায় ইফতার ও রাতে নৈশভোজ করবেন জয়শঙ্কর। তার সম্মানে এই ইফতার ও নৈশভোজের আয়োজন করা হবে।
পরে শুক্রবার (২৯ এপ্রিল) সকালে জয়শঙ্কর ঢাকা ত্যাগ করবেন বলে জানা গেছে।


