

নিজস্ব প্রতিবেদক:ব্রাহ্মণবাড়িয়ায় নাপা সিরাপ সেবন করে মৃত্যুর অভিযোগ ওঠা সেই দুই শিশু মায়ের খাওয়ানো বিষে মারা গেছে বলে জানিয়েছে পুলিশ। পরকীয়ার জেরে লিমা বেগম বিষ মেশানো মিষ্টি খাইয়ে নিজের সন্তানদের হত্যা করেন।
বৃহস্পতিবার (১৭ মার্চ) বেলা ১১টার দিকে এ তথ্য জানান ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোল্লা মোহাম্মদ শাহীন। সন্তানদের হত্যার অভিযোগে লিমা বেগমকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার শাহীন জানান, লিমা ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে একটি চাল কলে কাজ করতেন। তার স্বামী কাজ করতেন ইটভাটায়। চাল কলে কাজ করার সুবাদে আরেক শ্রমিক সফিউল্লার সঙ্গে লিমার প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এক পর্যায়ে তারা বিয়ের সিদ্ধান্ত নেন এবং নিজের শিশুদের হত্যার পরিকল্পনা করেন। পরিকল্পনা অনুযায়ী মিষ্টির সঙ্গে বিষ মিশিয়ে নিজের শিশুদের হত্যা করেন লিমা। পরে ঘটনাটি ভিন্নখাতে প্রবাহিত করতে নাপা সিরাপ সেবন করে মৃত্যুর নাটক সাজান।
মোল্লা মোহাম্মদ শাহীন আরো জানান, লিমার আচরণে প্রথম থেকেই সন্দেহ হয় পুলিশের। তাই তাকে আটক করে অধিকতর জিজ্ঞাসাবাদ করা হয়। এক পর্যায়ে তিনি নিজের সন্তানদের হত্যার কথা স্বীকার করেন। পরে বুধবার (১৬ মার্চ) মাঝরাতে নিহত শিশুদের বাবা ইসমাঈল হোসেন বাদী হয়ে লিমা বেগম ও তার পরকীয় প্রেমিক সফিউল্লার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। সেই মামলায় লিমাকে গ্রেপ্তার দেখানো হয়।
লিমার পরকীয় প্রেমিক সফিউল্লাকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১০ মার্চ) ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার দুর্গাপুর গ্রামে নাপা সিরাপ সেবনে ইয়াছিন খান (৭) ও মোরসালিন খান (৫) নামের দুই শিশুর মৃত্যুর অভিযোগ ওঠে।



