
সংক্ষিপ্ত সফরে বৃহস্পতিবার (২৮ এপ্রিল) দুপুরে ঢাকায় এসে পৌঁছেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর।
দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নয়াদিল্লি সফরের আমন্ত্রণ জানাতে ও দুই দেশের মধ্যকার স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করবেন তিনি।
বিকাল ৪টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে সাক্ষাৎ করবেন জয়শঙ্কর। এ সময় তিনি নরেন্দ্র মোদীর আমন্ত্রণপত্র শেখ হাসিনার হাতে হস্তান্তর করবেন।
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর বিকাল ৫টায় ফরেন সার্ভিস একাডেমিতে যাবেন জয়শঙ্কর। সেখানে তিনি ভারত ও বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তার।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, জয়শঙ্কর ও এ কে আব্দুল মোমেনের বৈঠকে দুই দেশের মধ্যকার সীমান্ত ব্যবস্থাপনা, পানি বন্টন ও বাণিজ্যিক বিষয়ে আলোচনা উঠতে পারে। পাশাপাশি ইউক্রেন-রাশিয়া যুদ্ধ ও প্রতিবেশি দেশগুলোর ভূ-রাজনীতি নিয়েও আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।
বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতেই সন্ধ্যায় ইফতার ও রাতে নৈশভোজ করবেন জয়শঙ্কর। তার সম্মানে এই ইফতার ও নৈশভোজের আয়োজন করা হবে।
পরে শুক্রবার (২৯ এপ্রিল) সকালে জয়শঙ্কর ঢাকা ত্যাগ করবেন বলে জানা গেছে।


