
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে পোশাককর্মীদের বেতন-ভাতা দেওয়ার সুবিধায় শিল্প এলাকায় আগামী শুক্রবার (২৯ এপ্রিল) এবং শনিবার (৩০ এপ্রিল) ব্যাংক খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৮ এপ্রিল) এ বিষয়ে এক নির্দেশনা জারি করে বাংলাদেশ ব্যাংক।
বাংলাদেশ ব্যাংক থেকে নির্দেশনাটি সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের কাছে পাঠানো হয়েছে।
এতে বলা হয়, ঈদুল-ফিতর উপলক্ষে তৈরি পোশাক শিল্পে কর্মরত শ্রমিক, কর্মচারী, কর্মকর্তাদের বেতন-ভাতা প্রদানের লক্ষ্যে আগামী শুক্রবার ও শনিবার অর্থাৎ ২৯ ও ৩০ এপ্রিল সকাল সাড়ে ৯ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত ব্যাংক লেনদেন চলবে। অন্যান্য আনুষাঙ্গিক কার্যক্রমের জন্য দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত ব্যাংক খোলা রাখা যাবে।
এই নির্দেশনার আওতায় খোলা থাকবে ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের বিভিন্ন ব্যাংকের কিছু শাখা।


