
বিগত বছরের মতো এবারও জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ধারাবাহিকভাবে ঈদুল ফিতরের ৫ জামাত অনুষ্ঠিত হবে। তবে সকাল ৭ ঘটিকায় ঈদুল ফিতরের প্রথম জামাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
শনিবার (৩০ এপ্রিল) ইসলামিক ফাউন্ডেশন (ইফা) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তি অনুযায়ী ঈদের প্রথম জামাত সকাল ৭ টায় অনুষ্ঠিত হওয়ার পর দ্বিতীয় জামাত ৮ টা, তৃতীয় জামাত ৯ টায়, চতুর্থ জামাত ১০ টায় এবং পঞ্চম জামাত ১০ টা বেজে ৪৫ মিনিট অনুষ্ঠিত হবে।
প্রথম জামাতে ইমামতি করবেন মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মিজানুর রহমান। মুকাব্বির হিসেবে থাকবেন হাফেজ মো. ইসহাক।
দ্বিতীয় জামাতে ইমাম হিসেবে থাকবেন জাতীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মুফতি মুহিব্বুল্লাহিল বাকী নদভী। তবে মুকাব্বির হিসেবে থাকবেন হাফেজ মো. আতাউর রহমান।
তৃতীয় জামাতের ইমাম হলেন ইসলামিক ফাউন্ডেশনের মুফাসসির ড. মাওলানা আবু সালেহ পাটোয়ারী। মুকাব্বির হলেন হাফেজ মো. নাছির উল্লাহ।
চতুর্থ জামাতে ইমামতি করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম মাওলানা এহসানুল হক। মুকাব্বির হবেন মো. শহিদ উল্লাহ।
পঞ্চম জামাতের নামাজ পড়াবেন মাওলানা মুহিউদ্দিন কাসেম। মুকাব্বির থাকবেন খাদেম মো. রুহুল আমিন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, কোন কারণে কোন ইমাম যদি পূর্ব নির্ধারিত জামাতের নামাজ পড়াতে না পারেন তাহলে বিকল্প ইমাম হিসেবে ইফার মুফতি মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহ দায়িত্ব পালন করবেন।


