
সামিউল হক খাঁন শাওনঃ
রমজানের ৩০ রোজা শেষে আগামী ৩ মে হতে পারে ঈদুল ফিতর। সেক্ষেত্রে ঈদের দিন সারাদেশে বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. আজিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আগামী ১ মে থেকে সারাদেশে তাপমাত্রা প্রশমিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া মে মাসের প্রথম সপ্তাহে তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাত বাড়বে উত্তরাঞ্চলসহ দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলেও।
আবহাওয়া অধিদফতরের এপ্রিল থেকে জুন পর্যন্ত দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, আগামী মে মাসে বঙ্গোপসাগরে এক থেকে দুইটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে।
অন্যদিকে, মে মাসে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এ মাসে বঙ্গোপসাগরে এক থেকে দুটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। উত্তর থেকে মধ্যাঞ্চল পর্যন্ত দুই থেকে তিন দিন মাঝারি বা তীব্র কালবৈশাখী অথবা বজ্র ঝড় হতে পারে। এছাড়া অন্যস্থানে তিন থেকে চার দিন হালকা বা মাঝারি কালবৈশাখী বা বজ্র ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে।



