

সৌদি আরবের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। শনিবার দেশটির চাঁদ দেখা সংক্রান্ত কমিটি এ তথ্য জানিয়েছে।
ফলে রোববার ৩০ রোজা সম্পূর্ণ করে সোমবার সৌদিতে ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে। রিয়াদের সঙ্গে মিল রেখে কাতার, আমিরাতসহ উপসাগরীয় দেশগুলোতেও এদিন ঈদুল ফিতর উদযাপন করবে।
আবুধাবি-ভিত্তিক সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল সেন্টার জানিয়েছে, রমজানের শেষদিকের অতি সরু চাঁদটি কোনো স্থানে চিহ্নিত করতে পারেনি তারা। যার অর্থ আজ মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে শাওয়াল মাসের চাঁদ দেখা অসম্ভব হতে পারে।
সৌদি আরবের সঙ্গে মিল রেখে এ বছর আমিরাতে রোজা শুরু হয় গত ২ এপ্রিল। সৌদিতে চাঁদ দেখার খবর সামনে আসার পরপরই ওইদিন থেকে রোজা পালনের ঘোষণা দেয় আমিরাত।
অন্যদিকে অস্ট্রেলিয়া ও সিঙ্গাপুরের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় সোমবার ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে।
এদিকে সৌদি আরবের সাথে মিল রেখে প্রতিবারের মত এবারও বাংলাদেশে দুই-এক জায়গায় ঈদ পালিত হবে।
তবে চাঁদ দেখা কমিটি রোববার সভা শেষে জানাবে পুরো বাংলাদেশে কবে ঈদ পালিত হবে। যদিও সৌদি আরবে সোমবার ঈদ হওয়ায় বাংলাদেশে মঙ্গলবার ঈদ পালিত হওয়ার সম্ভাবনা বেশি। ভারত এবং পাকিস্তানেও ঈদুল ফিতর উদযাপন হবে মঙ্গলবার।


