
চাঁদপুরের হাজীগঞ্জের বড়কুল এলাকার দুইটি গ্রামের প্রায় কয়েকশ মানুষ আফগানিস্থান, নাইজার এবং মালিতে চাঁদ দেখা যাওয়ায় ঈদ উদযাপন করেছে।
রোববার (১ মে) হাজীগঞ্জের সাদ্রা দরবার শরীফ মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ১০ টায় ঈদের এ জামাত হয়।
এ ঈদের জামাতে ইমামতি করেন, সাদ্রা দরবার শরিফের পীর মুফতি আল্লামা যাকারিয়া চৌধুরী আল মাদানী।
সাদ্রা দরবারের বড় পীরজাদা পীর ড. মুফতি বাকী বিল্লাহ মিশকাত চৌধুরী বলেন, হাম্বলি, মালেকি এবং হানাফি মাজহাবের মতে পৃথিবীর যেকোন প্রান্তে চাঁদ দেখা গেলে এ মাজহাবগুলোতে ঈদ করা যাবে।
তিনি আরও বলেন,আমরা নির্ভরযোগ্য মাধ্যমে এ খবর পেয়েছি। যার ফলে আমরা আমাদের মাজহাব মোতাবেক ঈদ পালন করছি।
তবে অনেকের মাঝে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। সাদ্রা দরবার শরিফের আরেক পীর মোঃ আরিফ চৌধুরী জানান, অনেকেই আজকে এ ঈদ পালন করলেও আমার কাছে এটি গ্রহণযোগ্য মনে হচ্ছে না। আমার চাচাদের এ কাজের সাথে আমি একমত না।
উল্লেখ্য, আরব দেশগুলোর সাথে তাল মিলিয়ে প্রতিবছরই চাঁদপুরের তিনটি উপজেলার ৪০ টির মতো গ্রামে ঈদুল ফিতরের নামাজ এবং আনন্দ ভাগাভাগি করা হয়। এ ব্যবস্থা দীর্ঘ ৯৩ বছর ধরে সাদ্রা দরবার শরীফের অনুসারিরা পালন করে আসছে।



