
এবার ঈদুল ফিতরে নাড়ির টানে ঢাকা শহর ছেড়ে গ্রামে ঈদ করতে গেছেন প্রায় এক কোটি মানুষ। এছাড়া ভারতসহ বিদেশে ছুটি কাটাতে গেছেন আরও দশ লাখ মানুষ।
ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার জানিয়েছেন, গত ২৭ এপ্রিল থেকে ৩০ এপ্রিল পর্যন্ত শুধু চারদিনে ৭৩ লাখ সিম ঢাকা থেকে বাইরে গেছে। এর মধ্যে ২৯ ও ৩০ এপ্রিল ৪৩ লাখ নয় হাজার সিম ঢাকার বাইরে দেশের বিভিন্ন অঞ্চলে গেছে। আর এর আগের দুইদিনও প্রায় ৩০ লাখ সিম ঢাকা ছেড়ে গেছে।
এদিকে ঢাকা থেকে প্রায় ১০ লাখ লোক ঈদের ছুটি কাটাতে বিদেশে গেছেন। এর মধ্যে প্রায় পাঁচ লাখ লোক ঈদ উপলক্ষে ভারতে গেছেন। এছাড়া দুবাই, মালদ্বীপ, মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ডেও উল্লেখযোগ্য সংখ্যক লোক ঈদের ছুটি কাটাতে গেছেন।


