
পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় শেষে পাপমুক্তি ও করোনা মহামারি দূর করার প্রার্থনা করা হয়েছে।
মঙ্গলবার জাতীয় মসজিদ বায়তুল মোকররমে এ প্রার্থনা করা হয়।
এদিন সকাল সাড়ে ৭টায় জাতীয় মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা এহসানুল হক। মুকাব্বির ছিলেন মসজিদের খাদেম মো. শহিদ উল্লাহ।
জামাত শেষে খুতবা পেশ করা হয় এবং দোয় ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
মোনাজাতে দেশ ও জাতির মঙ্গল কামনা করা হয়। একই সাথে করোনায় আক্রান্ত ও মৃতদের জন্য দোয়া করে এই মহামারি থেকে মুক্তির প্রার্থনা করা হয়। একই সাথে সব ধরণের পাপমুক্তিও কামনা করা হয় প্রার্থনায়।
সকালে আবহাওয়া ভাল থাকায় ঈদ জামাতে অংশ নিতে কোন সমস্যা হয়নি মুসল্লিদের। তবে বেলা বাড়ার সাথে সাথে আবহাওয়া খারাপ হতে থাকে। বৃষ্টি শুরু হলে পরবর্তী জামাতগুলোতে বৃষ্টিতে ভিজেই অংশ নেন মুসল্লিরা।



