
করোনা মহামারির কারণে দুই বছর পর জাতীয় ঈদগাহ মাঠে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ঈদুল ফিতরের দিন সকাল সাড়ে ৮টায় এ জামাত অনুষ্ঠিত হয়। বায়তুল মোকাররমের খতিব মুফতি রুহুল আমীন এতে ইমামতি করেন।
প্রধান ঈদ জামাতে প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্টের বিচারপতিরা, মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ, কূটনীতিক, বিভিন্ন বাহিনীর প্রধানসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এবার এক সঙ্গে ৩৫ হাজার মুসল্লির নামাজ আদায়ের ব্যবস্থা করা হয় ঈদগাহ ময়দানে। ফলে সকাল থেকেই এখানে ভিড় জমাতে শুরু করেন হাজার হাজার মানুষ। কড়া নিরাপত্তায় লাইন ধরে তাদের প্রবেশ করানো হয় ঈদগাহ ময়দানে। মানুষে পূর্ণ হয়ে যায় পুরো ঈদগাহ, এরপর ঈদগাহের মূল ফটকের সামনে রাস্তার ওপর নামাজ আদায়ে দাঁড়ান শত শত মুসল্লি।
ঈদ জামাত শেষে দেশ ও জনগণ এবং মুসলিম উম্মাহর কল্যাণ ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এরপর কোলাকুলি ও হাতে হাত মিলিয়ে একে অপরকে ঈদ শুভেচ্ছা জানান মুসল্লিরা।



