
জাতীয় মসজিদ বায়তুল মোকররমে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় শেষে এখানে পাপমুক্তি ও করোনা মহামারি দূর করার প্রার্থনা করা হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় এ মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা এহসানুল হক। মুকাব্বির ছিলেন মসজিদের খাদেম মো. শহিদ উল্লাহ।
জামাত শেষে খুতবা পেশ করা হয় এবং দোয় ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
মোনাজাতে দেশ ও জাতির মঙ্গল কামনা করা হয়। একই সাথে করোনায় আক্রান্ত ও মৃতদের জন্য দোয়া করে এই মহামারি থেকে মুক্তির প্রার্থনা করা হয়। একই সাথে সব ধরণের পাপমুক্তিও কামনা করা হয় প্রার্থনায়।
সকালে আবহাওয়া ভাল থাকায় ঈদ জামাতে অংশ নিতে কোন সমস্যা হয়নি মুসল্লিদের। তবে বেলা বাড়ার সাথে সাথে আবহাওয়া খারাপ হতে থাকে। বৃষ্টি শুরু হলে পরবর্তী জামাতগুলোতে বৃষ্টিতে ভিজেই অংশ নেন মুসল্লিরা।
এবার জাতীয় মসজিদে পাঁচটি ঈদ জামাত হয়েছে। সকাল সাড়ে ৭টায় প্রধান জামাতের পর সকাল ৮টায় দ্বিতীয় জামাত, সকাল ৯টায় তৃতীয় জামাত, সকাল ১০টায় চতুর্থ জামাত এবং সকাল ১০টা ৪৫ মিনিটে সর্বশেষ জামাত অনুষ্ঠিত হয়।



