

১৯৭৫ সালের ১৫ আগস্ট নিহত পরিবারের সদস্যদের কবর জিয়ারত করেছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দুই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানা।
বুধবার (৪ মে) সকালে রাজধানীর বনানী কবরস্থানে শায়িত স্বজনদের কবর জিয়ারত করেন তারা।
এরপর তারা পরিবারের সদস্যদের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া করেন। পরে স্বজনদের কবরে ফুলের পাপড়ি ছিটিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস।
১৯৭৫ সালের ১৫ আগস্ট ধানমন্ডি ৩২ নম্বর বাড়িতে স্বপরিবারে নিহত হন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ওইদিন পরিবারের ১৮ সদস্যকে হারান শেখ হাসিনা। তবে তিনি এবং তার ছোট বোন শেখ রেহানা দেশের বাইরে থাকায় সেদিন প্রাণে বেঁচে যান।
ওই হত্যাকাণ্ডের পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছাড়া বাকি সবাইকে বনানী কবরস্থানে দাফন করা হয়। বঙ্গবন্ধুকে দাফন করা হয় তার জন্মস্থান গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়।



