
বাংলাদেশ-ভারতের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক হতে চলতি মে মাসেই। চলতি মাসের ২৭-২৯ তারিখে আসামের রাজধানী গৌহাটিতে এ বৈঠকের প্রস্তাব দিয়েছে ভারত।
বুধবার (৪ মে) পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে গত ২৮ এপ্রিল ঢাকায় এসে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর। এ সময় তিনি মোমেনকে দ্বিপক্ষীয় বৈঠকে যোগ দিতে ভারত সফরের আমন্ত্রণ জানান।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, আগামী ২৮-২৯ মে নদী বিষয়ক একটি আন্তর্জাতিক কনক্লেভে যোগ দেবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর। সেখানে আমন্ত্রণ জানানো হয়েছে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনকেও। আর সে সময়ই দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক হতে পারে।


