

কক্সবাজার প্রতিনিধি:কক্সবাজারের চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওসমান গণিকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। হত্যাচেষ্টা মামলার এক পলাতক আসামির সঙ্গে জন্মদিনের উদযাপন করায় তাকে এই শাস্তি দেওয়া হয়।
বৃহস্পতিবার (১৭ মার্চ) দুপুরে ওসমান গণিকে প্রত্যাহার করা হয় বলে নিশ্চিত করেন কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মো. রফিকুল ইসলাম।
এএসপি জানান, বিধি ভঙ্গ করায় ওসির বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
গত ২ মার্চ ওসমান গণির জন্মদিনের অনুষ্ঠানে ফুল দিয়ে সংবর্ধনা ও মিষ্টিমুখ করান রুবেল নামের এক হত্যাচেষ্টা মামলার পলাতক আসামি। ঘটনাটি গণমাধ্যমে প্রকাশিত হলে বিভিন্ন মহলে সমালোচনার ঝড় ওঠে।
জানা যায়, মাত্র চার মাস আগে চকরিয়া থানায় যোগদান করেন ওসি ওসমান গণি।


