

ঈদের ছুটি শেষে আবারও ঢাকায় ফিরতে শুরু করেছে কর্মজীবী মানুষেরা। ফলে এরই মধ্যে দেশের রেল স্টেশন, বাস টার্মিনাল ও নৌরুটে ঢাকামুখি যাত্রীদের চাপ বাড়তে শুরু করেছে।
চাপ বেড়েছে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে। এই রুট ব্যবহার করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকায় ঢুকছে মানুষ। শুক্রবার (৬ মে) ঈদের চতুর্থ দিন এই রুটে যাত্রীবাহী বাসের চাপ কম থাকলেও প্রাইভেটকারসহ ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেলের চাপ ছিল চোখে পড়ার মত।
এসব যানবাহন ফেরি পার করে ঢাকার দিকে আসছে। এছাড়া লঞ্চেও পদ্মা পাড়ি দিচ্ছেন মানুষ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যাত্রী ও যানবাহনের চাপ বাড়ছে।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক শিহাব উদ্দিন বলেন, বর্তমানে এ রুটে ছোট-বড় ১৯টি ফেরি চলাচল করছে। ঢাকামুখী যাত্রী ও যানবাহনের চাপ বেড়েছে।
এছাড়া কর্মমুখী যাত্রীর চাপ রয়েছে পাটুরিয়া ফেরি ও লঞ্চঘাটে। ভোগান্তি ছাড়াই এসব কর্মমুখী মানুষ ফেরি ও লঞ্চে করে দৌলতদিয়া থেকে পাটুরিয়া ঘাটে আসছে। এরপর প্রায় এক কিলোমিটার হেঁটে লোকাল বাসে করে গন্তব্যের দিকে চলে যাচ্ছে।
বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের বাণিজ্য শাখার উপমহাব্যবস্থাপক (ডিজিএম) শাহ মো. খালেদ নেওয়াজ বলেন, ঢাকামুখী যাত্রী ও যানবাহন পারাপার করতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ছোট-বড় মিলে ২০টি ফেরি চলাচল করছে। আজ সকাল থেকে পাটুরিয়ায় মানুষের চাপ কিছুটা বাড়ছে। তবে ভোগান্তি ছাড়াই কর্মস্থলের দিকে ছুটছে এসব যাত্রী ও যানবাহন।
এবার।
শুক্রবার রাজধানীর সায়েদাবাদ, গুলিস্তান, কমলাপুর, গাবতলী, মহাখালী ও সদরঘাট টার্মিনালে গিয়ে দেখা গেছে গ্রাম থেকে ঈদ করে পরিবার নিয়ে ঢাকা ফিরছেন অনেক মানুষ। আবার অনেককে পরিবার রেখে চাকরির তাগিদে একাই আসতে দেখা গেছে। ঢাকামুখো মানুষের ভিড়ে আস্তে আস্তে চিরচেনা রাজধানী তার পুরনো চেহারায় ফিরছে।
এদিকে ঈদের চতুর্থদিন রাজধানীর সদরঘাট নৌ টার্মিনালে ভিড় বাড়তে শুরু করেছে ফিরতি মানুষের। পবিত্র ঈদ-উল-ফিতরের টানা ছুটি শেষে কর্মস্থলে যোগ দিতে নৌপথে ঢাকা ফিরতে শুরু করেছেন দক্ষিণাঞ্চলের কর্মজীবী মানুষও।
সরেজমিনে সদরঘাট এলাকায় দেখা যায়, সকাল থেকেই বরিশাল, পটুয়াখালী, চাঁদপুরসহ সব নৌরুটের লঞ্চ একে একে যাত্রী নিয়ে ঘাটে ভিড়ছে।
সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম আলী সরদার বলেন, সকাল থেকেই ঘাটে লঞ্চ আসতে শুরু করেছে, কিছু লঞ্চ ছেড়েও গেছে। মানুষের চাপও বাড়ছে।



