
দক্ষিণ আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এটি শনিবার (৭ মে) বিকাল নাগাদ নিম্নচাপে এবং রোববার (৮ মে) বিকাল নাগাদ গভীর নিম্নচাপে পরিণত হয়ে ঘূর্ণিঝড় ‘অশনি’তে রূপ নিতে পারে। এরপর আগামী এক সপ্তাহের মধ্যে ভারত ও বাংলাদেশের উপকূলে আঘাত হানতে পারে।
শনিবার (৭ মে) দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও দক্ষিণ আন্দামান সাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপ নিয়ে এসব তথ্য জানান আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির।
তিনি জানান, দক্ষিণ আন্দামান সাগরে সৃষ্ট লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও দক্ষিণ আন্দামান সাগরে অবস্থান করছে। এটি ধীরে ধীরে আরো ঘণিভূত হচ্ছে। ধারণা করা হচ্ছে এটি আগামীকাল রোববার বিকাল নাগাদ গভীর নিম্নচাপে পরিণহ হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিবে।
তিনি আরো জানান, লঘুচাপটি ঘূর্ণিঝড় ‘অশনি’তে রূপ নিলে আগামী মঙ্গলবার (১০ মে) থেকে বৃহস্পতিবারের (১২ মে) মধ্যে উপকূলে আঘাত হানতে পারে। লঘুচাপের গতিপথ থেকে ধারণা করা হচ্ছে এটি ভারতের পশ্চিমবঙ্গ ও উড়িষ্যা এবং বাংলাদেশের খুলনা ও সাতক্ষীরা উপকূলে আঘাত হানতে পারে। তবে যেহেতু লঘুচাপটি এখনো গভীর নিম্নচাপে পরিণত হয়নি, তাই এর গতিপথ পরিবর্তন হতে পারে। আমরা সার্বক্ষণিক বিষয়টি নজরদারি করছি।
এদিকে শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানায়, দক্ষিণ আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি সুষ্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে বর্তমানে দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন দক্ষিণ আন্দামান সাগরে অবস্থান করছে। এটি আরো ঘণীভূত হয়ে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।
এর ফলে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
এছাড়া নদী বন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলে আবহাওয়া অধিদপ্তর জানায়, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ঢাকা, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চল সমূহের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। তাই এসব এলাকায় নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বলে পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।



