
ঈদের পরদিন খুলনা থেকে ঢাকাগামী আন্তঃনগর ট্রেন সুন্দরবন এক্সপ্রেসে বিনা টিকেটে ভ্রমণকারীরা নিজের আত্মীয় নয় বলে দাবি করেছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।
শনিবার (৭ মে) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এই দাবি করেন তিনি।
রেলমন্ত্রী বলেন, আমার নাম ভাঙিয়ে কেউ হয়তো সুবিধা নেওয়ার চেষ্টা করেছে। তাদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আমি শনিবার সকালে ঘটনাটি সম্পর্কে জেনেছি।
ওই তিন ব্যক্তিকে জরিমানা করায় টিটিইকে সাময়িক বরখাস্তের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, রেলের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন যাত্রীদের সঙ্গে খারাপ আচরণ করায় ওই টিটিইকে বরখাস্ত করা হয়েছে। রেলের দাপ্তরিক কার্যক্রমের সঙ্গে মন্ত্রীর কোনো সম্পর্ক নেই।
গত বুধবার (৪ মে) সুন্দরবন এক্সপ্রেসে বিনা টিকেটে ভ্রমণ করায় তিন যাত্রীকে জরিমানা করেন ওই ট্রেনের ভ্রাম্যমাণ টিকিট পরীক্ষক (টিটিই) মো. শফিকুল ইসলাম।
জরিমানা করা যাত্রীরা নিজেদের রেলমন্ত্রীর আত্মীয় পরিচয় দিয়েছিলেন। এরপর বৃহস্পতিবার (৫ মে) ওই টিটিই শফিকুল ইসলামকে সাময়িক বরখাস্ত করেন ঈশ্বরদীর পাকশী বিভাগীয় রেলওয়ে বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) নাসির উদ্দিন।



