
আত্মীয় পরিচয় দিয়ে আন্তঃনগর ট্রেন সুন্দরবন এক্সপ্রেসে বিনা টিকিটে ট্রেনে ভ্রমণ করার ঘটনায় টিটিই শফিকুলের বরখাস্তের আদেশ প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। সেই সাথে পাকশীর বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) নাসির উদ্দিনকে শোকজ করা হবে বলেও জানান তিনি।
রোববার (৮ মে) দুপুরে রেল ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান রেলমন্ত্রী।
বুধবার সুন্দরবন এক্সপ্রেসে বিনা টিকেটে ভ্রমণ করায় তিন যাত্রীকে জরিমানা করেন ওই ট্রেনের ভ্রাম্যমাণ টিকিট পরীক্ষক (টিটিই) মো. শফিকুল ইসলাম। জরিমানা করা যাত্রীরা নিজেদের রেলমন্ত্রীর আত্মীয় পরিচয় দিয়েছিলেন।
পরে বৃহস্পতিবার (৫ মে) বিকেলে ঈশ্বরদীর পাকশী বিভাগীয় রেলওয়ে বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) নাসির উদ্দিনের নির্দেশে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। বরখাস্ত হওয়া টিটিই মো. শফিকুল ইসলাম রেলওয়ে জংশন ঈশ্বরদীর টিটিই হেডকোয়ার্টারের সঙ্গে যুক্ত।
এই ঘটনার পর সমালোচনার মুখে পুরো বিষয়টি তদন্তে শনিবার রেলের পক্ষ থেকে তিন সদস্যের কমিটি গঠন করা হয়। ঘটনার প্রকৃত কারণ খুঁজে বের করতে পাকশীতে আজ ওই তিন যাত্রী ও টিটিইর সঙ্গে কথা বলছেন তদন্ত কমিটির সদস্যরা।
এদিকে সুন্দরবন এক্সপ্রেসে বিনা টিকেটে ভ্রমণকারীরা নিজের আত্মীয় নয় বলে দাবি করেছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। তিনি বলেন, আমার নাম ভাঙিয়ে কেউ হয়তো সুবিধা নেওয়ার চেষ্টা করেছে। তাদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই।
ওই তিন ব্যক্তিকে জরিমানা করায় টিটিইকে সাময়িক বরখাস্তের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, রেলের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন যাত্রীদের সঙ্গে খারাপ আচরণ করায় ওই টিটিইকে বরখাস্ত করা হয়েছে। রেলের দাপ্তরিক কার্যক্রমের সঙ্গে মন্ত্রীর কোনো সম্পর্ক নেই।



