
১১০ টাকা লিটার দামে এক কোটি পরিবারের কাছে সয়াবিন তেল দেবে সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। আগামী জুন থেকে এই দামে তেল কিনতে পারবে টিসিবি কার্ডধারীরা।
সরকারি বার্তা সংস্থা বাসসকে এ তথ্য জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ।
এছাড়াও সরকার টিসিবির মাধ্যমে সরাসরি সয়াবিন তেল আমদানির পরিকল্পনা করছে বলেও জানান সচিব।
তিনি জানান, ইতোমধ্যেই রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠানের মাধ্যমে সয়াবিন তেল আমদানির জন্য যোগাযোগ করা হচ্ছে।
সম্প্রতি সারা বিশ্বে সয়াবিন তেলের দাম বৃদ্ধি পাওয়ায় দেশবাসীকে কম মূল্যে তেল সরবরাহ নিশ্চিতেই এই পদক্ষেপ নিয়েছে সরকার।
এর আগে গত বৃহস্পতিবার বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স ও বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, খোলা সয়াবিন তেলের দাম প্রতি লিটার ১৮০ টাকা, যা এতদিন ১৪০ টাকা ছিল। আর বোতলজাত সয়াবিন তেল প্রতি লিটার ১৬০ টাকা থেকে বাড়িয়ে ১৯৮ টাকা করা হয়েছে। ৫ লিটারের বোতলের দাম ৭৬০ টাকা থেকে নির্ধারণ করা হয়েছে ৯৮৫ টাকায়। নতুন এ দাম শনিবার থেকে কার্যকর হয়েছে।


