
অবশেষে বিনা টিকেটে ট্রেনে ভ্রমণ করে জরিমানা গোনা ওই তিন যাত্রী নিজের আত্মীয় বলে স্বীকার করেছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। তিনি জানান, গতকাল (শনিবার) পর্যন্ত জানতেন না ওই তিনজন তার স্ত্রী শাম্মী আক্তারের নিকটাত্মীয়।
রোববার (৮ মে) দুপুরে রেলভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা স্বীকার করেন তিনি। পাশাপাশি ওই তিন যাত্রীকে জরিমানা করা টিটিইকে তার স্ত্রীর কথায় সাময়িক বরখাস্ত করার ঘটনায় বিব্রত হওয়ার কথাও জানান তিনি।
রেলমন্ত্রী বলেন, গতকাল (শনিবার) তিনি জানতে পেরেছেন ওই তিন যাত্রী তার স্ত্রীর নিকটাত্মীয়। তবে তার স্ত্রী ওই টিটিইকে বরখাস্ত করতে বলেননি, শুধু অভিযোগ করেছেন।
এছাড়া ওই টিটিইকে বরখাস্তের আদেশ প্রত্যাহার করা হয়েছে বলেও জানান রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।
তিনি বলেন, টিটিইকে বরখাস্ত করা সঠিক হয়নি। রেলের সেবায় কেউ অসন্তুষ্ট হলে সাধারণ যাত্রী হিসেবে অভিযোগ করার সুযোগ রয়েছে। কিন্তু মন্ত্রীর স্ত্রী হিসেবে অভিযোগ করাটা উচিত হয়নি।
গত বুধবার (৪ মে) সুন্দরবন এক্সপ্রেসে বিনা টিকেটে ভ্রমণ করায় তিন যাত্রীকে জরিমানা করেন ওই ট্রেনের ভ্রাম্যমাণ টিকিট পরীক্ষক (টিটিই) মো. শফিকুল ইসলাম। জরিমানা করা যাত্রীরা নিজেদের রেলমন্ত্রীর আত্মীয় পরিচয় দিয়েছিলেন।
এরপর বৃহস্পতিবার (৫ মে) ওই টিটিইকে সাময়িক বরখাস্ত করেন ঈশ্বরদীর পাকশী বিভাগীয় রেলওয়ে বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) নাসির উদ্দিন।
এই ঘটনা গণমাধ্যম প্রকাশিত হলে বিভিন্ন মহলে সমলোচনা শুরু হয়। এরমধ্যে শনিবার পর্যন্ত রেলমন্ত্রী ওই তিন যাত্রীকে নিজের আত্মীয় বলে স্বীকার করেননি।



