
কয়েকদিন যাবৎ বাংলাদেশের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ ঘূর্ণিঝড়ের আশঙ্কা করে আসছিল আবহাওয়া অধিদপ্তর। কিন্তু দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান জানালেন, বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘অশনি’র বাংলাদেশে আঘাত হানার আশঙ্কা এখন পর্যন্ত নেই।
রোববার (৮ মে) সচিবালয়ে গণমাধ্যম কর্মীদের সাথে আলাপকালে এনামুর রহমান এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ভারতের আন্দামান সাগরে এ ঝড়টি লঘুচাপে পরিণত হয়েছে। তবে এটি এখনও চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১,১৭৫ কিলোমিটার দূরে অবস্থান করছে। যে দিকে ঝড়টি আসছে তাতে ভারতের বিশাখাপত্নম, উড়িষ্যা, পশ্চিমবঙ্গের পরে বাংলাদেশের সাতক্ষীরায় আঘাত হানতে পারে।
তিনি আরও বলেন, আবহাওয়া অধিদপ্তর ও আন্তজার্তিক সূত্রে ধারণা করছে যে, অশনি নামক ঝড়টি ভারতের তিনটি রাজ্যকে স্পর্শ করে দুর্বল হয়ে বাংলাদেশে আঘাত হানবে। তবে বাংলাদেশে শুধু মাত্র ঝড়-বৃষ্টি হবে। কোন ধরণের ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা এখন পর্যন্ত পাওয়া যায়নি। তবে ঝড়টি যদি উত্তর-পশ্চিম দিকে বইতে শুরু করে তবে দেশের সাতক্ষীরা, খুলনা, বরিশাল ও পটুয়াখালীতে আঘাত হানতে পারে।
এনামুর রহমান আরও বলেন, আমরা সকলকে সচেতন করেছি। আশ্রয় কেন্দ্রগুলো প্রস্তুত রাখার নির্দেশনা দিয়েছি। খাবার এবং অন্যান্য সকল স্বাস্থ্য বিষয়ক সরঞ্জাম পাঠিয়ে দিয়েছি। এখন পর্যন্ত দেশের সমুদ্রবন্দরগুলোকে ২ নম্বর সতর্ক সংকেত পাঠানো হয়েছে।


