জাতীয়
আগের সয়াবিন তেল নতুন দামে বিক্রি করায় জরিমানা
ঈদের আগে হঠাৎই বাজার থেকে উধাও হয়ে যায় সয়াবিন তেল। নিত্যপ্রয়োজনীয় এই পণ্যটির সংকটে অস্থির হয়ে ওঠে বাজার। সংকট মেটাতে বোতলজাত প্রতি লিটার সয়াবিন তেলের দাম ৩৮ টাকা বৃদ্ধি করে সরকার। এরপরই পাল্টাতে থাকে চিত্র। সয়াবিন তেলের বোতলে এখন বাজারভর্তি। বিক্রিও হচ্ছে নতুন দামে।
কিন্তু বর্তমানে বাজারে থাকা সব তেলের বোতল দাম বাড়ানোর পর উৎপাদিত নয়। দাম বৃদ্ধির আগে মজুদ করা পুরানো তেলও আছে অনেক দোকানে। আর সেসব তেল নিয়মের তোয়াক্কা না করেই বিক্রি হচ্ছে নতুন নির্ধারিত দামে। এমন অভিযোগের প্রমাণ পাওয়ায় রাজধানীর কারওয়ান বাজারের একটি দোকানকে দুই হাজার টাকা জরিমানাও করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রোববার (৮ মে) সকালে কারওয়ান বাজারের কিচেন মার্কেটে বিশেষ অভিযান চালিয়ে শাহ মিরন জেনারেল স্টোর নামের একটি দোকানকে এই জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ও ঢাকা জেলা কার্যালয়ের প্রধান মো. আব্দুল জব্বার মন্ডল। সঙ্গে ছিলেন অধিদপ্তরের সহকারী পরিচালক ফাহমিনা আক্তার ও মো. মাগফুর রহমান।
অভিযানে দেখা যায় শাহ মিরন জেনারেল স্টোরে থাকা সয়াবিন তেলের এক লিটারের বোতলের গায়ে মূল্য লেখা আছে ১৬০ টাকা। কিন্তু ক্রেতাদের কাছে সেসব তেলের বোতল ১৯৮ টাকায় বিক্রি করছেন বিক্রেতা। মজুদ করা পুরানো তেল নতুন দামে বিক্রি করায় ওই দোকানকে দুই হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি মাইকিং করে অন্যান্য দোকানদারকেও সতর্ক করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মন্ডল বলেন, ভোজ্য তেলের সরবরাহ নিশ্চিত করতে কারওয়ান বাজারে বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে ভোক্তার অধিকার ক্ষুন্ন করায় এক দোকানকে সতর্কতামূলক জরিমানা করা হয়েছে। আগামীতে এই ধরনের অনিয়ম পেলে জরিমানার অংক বাড়ানো হবে। প্রয়োজনে মামলা অথবা প্রতিষ্ঠান সিলগালাও করে দেওয়া হবে।
কারওয়ান বাজারের পর রাজধানীর মোহাম্মদপুরের কৃষি মার্কেট ও মিরপুরের শাহ আলী মার্কেটে অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। কৃষি মার্কেটে কাউকে জরিমানা না করলেও শাহ আলী মার্কেটে দুই মুরগি বিক্রেতাকে এক হাজার করে দুই হাজার টাকা জরিমানা করা হয়। প্রকাশ্যে মূল্য তালিকা না টাঙানোয় এই জরিমানা করা হয়।
জনপ্রিয়
জাতীয় থেকে আরও পড়ুন
ফারাক্কা বাঁধে মরুকরণের ঝুঁকিতে ৭ কোটি মানুষ: পানিসম্পদ মন্ত্রী এ্যানি
ফারাক্কা বাঁধের বিরূপ প্রভাবে বাংলাদেশের প্রায় এক-তৃতীয়াংশ অঞ্চল চরম সংকটের মুখে পড়েছে বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। তিনি বলেছেন, দেশের প্রায় ২৪ থেকে ২৬টি জেলা এবং ৭ কোটি মানুষ বর্তমানে মরুভূমির মতো পরিস্থিতির ঝুঁকিতে রয়েছে।

গুলিস্তানে সড়কের মাঝে দুই ট্রাফিক কনস্টেবলের হাতাহাতি, বরখাস্ত ২
রাজধানীর গুলিস্তানে দায়িত্ব পালনরত অবস্থায় সড়কের মাঝখানে দুই ট্রাফিক কনস্টেবলের হাতাহাতির ঘটনা ঘটেছে। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। ঘটনার পর দুই পুলিশ সদস্যকে সাময়িকভাবে বরখাস্ত করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

মিরপুরে রামিসা হত্যার বিচার দাবিতে বিক্ষোভ
রাজধানীর মিরপুরে পপুলার মডেল হাই স্কুলের শিক্ষার্থী রামিসা আক্তার হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন বিভিন্ন স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। তারা দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে অভিযুক্তের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

নওগাঁয় বজ্রপাতে দাদা-নাতিসহ ৩ জনের মৃত্যু
নওগাঁর রাণীনগরে পৃথক স্থানে বজ্রপাতে দাদা-নাতিসহ তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) বেলা ১১টার দিকে উপজেলার পারইল ও গুয়াতা আটনিতাপাড়া গ্রামের মাঠে এ ঘটনাগুলো ঘটে।

.jpg)






