
সমস্যার কথা জানাতে শ্রমিক নেতাদের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আপনারা বিদেশের কাছে গিয়ে কান্নাকাটি না করে আপনাদের যদি সমস্যা থাকে আমার কাছে আসবেন; আমি শুনব, মালিকদের দিয়ে যদি কিছু আদায় করতে হয়, তা আমি আদায় করে দেব।
‘মহান মে দিবস ২০২২’ উপলক্ষে রোববার (৮ মে) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অংশগ্রহণ করে এ কথা বলেন প্রধানমন্ত্রী।
শেখ হাসিনা বলেন, আমরা যে শ্রমিকদের জন্য এত কাজ করেছি তারপরও দেখি আমাদের দেশে কিছু কিছু শ্রমিক নেতারা আছেন তারা কোনো বিদেশি বা সাদা চামড়া দেখলেই তাদের কাছে নালিশ করতে খুব পছন্দ করে। আমি জানি না এ মানসিক দৈন্যতা কেন? এর সঙ্গে অন্য কোনো স্বার্থ জড়িত আছে কী না, বা কোনো দেনা-পাওনার ব্যবস্থা আছে কী না সেটা আমি জানি না।
তিনি আরও বলেন, আমাদের দেশে কোনো সমস্যা হলে অন্তত আওয়ামী লীগ সরকার যতক্ষণ ক্ষমতায় আছে, আমি যতক্ষণ ক্ষমতায় আছি অন্তত এ নিশ্চয়তা দিতে পারি, যে কোনো সমস্যার সমাধান আমরা নিজেরাই করতে পারি। আমি বিশ্বাস করি- আমাদের দেশের মালিক ও শ্রমিক তারা বসে আলোচনা করে সমস্যাগুলো সমাধান করবে। আমরা নিজের দেশের বিরুদ্ধে বা নিজের দেশের সম্পর্কে অন্যের কাছে কেন কাঁদতে যাব, বলতে যাব। আমরা তো এটা চাই না। আমরা চাই বাংলাদেশ আত্মমর্যাদা নিয়ে চলবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমি এটুকু বলব আমরা আমাদের দেশের মানুষের কথা ভাবি, দেশের মানুষের কথা চিন্তা করি এবং মানুষের কল্যাণে কাজ করি। আমাদের রাজনীতি তো হচ্ছে দেশের শ্রমিক শ্রেণি, কৃষক, দিনমজুর, খেটে খাওয়া মানুষ, তাদের ভাগ্য পরিবর্তন করা এবং সেই লক্ষ্য নিয়েই আমরা কাজ করে যাচ্ছি। শ্রমজীবী মানুষের সুরক্ষা ও কল্যাণের জন্য সরকার প্রয়োজনীয় সবকিছু করে যাচ্ছে ।


