

রাজধানীর ধানমন্ডি এলাকার নাতিকে মাদ্রাসায় পৌঁছে দিতে যাওয়ার পথে সাভার পরিবহনের বাসের ধাক্কায় উজির আহমেদ নামের একজন বৃদ্ধ নিহত হয়েছেন।
সোমবার (৯ মে) সকাল ৬ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত উজির আহমদের ছেলে আবদুল মাজেদ বলেন, সকালে বড় বোনের ছেলেকে কুমিল্লা রহমানিয়া মাদ্রাসায় ভর্তির জন্য বড় বোন, ভাগ্নে এবং আমার বাবাসহ বের হন। সিএনজি অটোরিকশা ভাড়া করার সময় স্টাফ কোয়ার্টার গেটে সাভার পরিবহনের একটি বাস তাদের ধাক্কা দেয় এবং আমার বাবা গুরুতর আহত হন। ভেতরে থাকা সিএনজি চালকও আহত হন। পরবর্তীতে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আমার বাবাকে মৃত ঘোষণা করেন।
নিহত উজির আহমেদের গ্রামের বাড়ি কুমিল্লার লাকসামে এবং তিনি বর্তমানে কলাবাগান স্টাফ কোয়ার্টারে থাকতেন।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, সাভার পরিবহনের বাসটি আটক করা হয়েছে। পরিবারের পক্ষ হতে অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো.বাচ্চু মিয়া জানান, নিহতের মরদেহ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।


