
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ মুহূর্তে ৩০০ আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ করা সম্ভব না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তিনি এটাও বলেন, ‘পরে কী হবে না হবে, সেটা আমরা এখনও সিদ্ধান্ত নেইনি।’
মঙ্গলবার (১০ মে) নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) ভোটার তালিকা হালনাগাদ-২০২০ এর প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
সিইসি কাজী হাবিবুল আউয়াল বলেন, দ্বাদশ সংসদ নির্বাচনে সব আসনে ইভিএমে ভোট হবে কি না, সে বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে এই মুহূর্তে ৩০০ আসনে ইভিএমে ভোট করা সম্ভব না, এটা আমরা জানিয়ে দিয়েছি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইভিএমে ভোটগ্রহণের ইঙ্গিত প্রসঙ্গে কাজী হাবিবুল আউয়াল বলেন, বিষয়টি পত্রিকায় এসেছে, আমরা দেখেছি এবং আমাদের বক্তব্যগুলো আপনাদের জানানো হয়েছে। নির্বাচন অনুষ্ঠান করার দায়িত্ব আমাদের। এ বিষয়ে প্রধানমন্ত্রী বলেছেন, নাকি আওয়ামী লীগের সভানেত্রী বলেছেন, বিষয়টি এখনও স্পষ্ট না তবে আওয়ামী লীগের সভানেত্রী বলা, বিএনপির প্রধান বলা, জাসদের আব্দুর রব বলা এগুলো ভিন্ন জিনিস।
তিনি আরও বলেন, অনেকেই ইচ্ছা পোষণ করতে পারেন, সদিচ্ছা ব্যক্ত করতে পারেন। সিদ্ধান্ত আমাদের উপরেই থাকবে। আমরা মতামত বিবেচনায় নিতে পারি। জনগনও মতামত দিতে পারেন, রাজনৈতিক দলগুলো মতামত দিতে পারবে। আল্টিমেটলি আমরা পর্যালোচনা করে সিদ্ধান্ত নেব, ভোট কোন পদ্ধতি ও কেমন হবে। কিন্তু এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারিনি। যতদূর সম্ভব স্বাধীনভাবে ভোট দেওয়ার পরিবেশ পরিচালনা করবো আমরা। এটা আমাদের এখতিয়ারভুক্ত। এ বিষয়ে আমরা স্বাধীন।
ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানটিতে চার নির্বাচন কমিশনার, ইটিআই মহাপরিচালকসহ প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।



