

গাজীপুরের বোর্ড বাজার এলাকায় একটি প্রতিষ্ঠান ২ হাজার ৫৮ লিটার সয়াবিন তেল মজুদ করে রেখেছিল। তারা বাড়তি দামে তেল বিক্রি করছিল। প্রতিষ্ঠানটিকে দুই লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সেই সাথে উদ্ধার করা সয়াবিন তেল দাঁড়িয়ে থেকে ন্যায্য দামে বিক্রি করা হয়েছে।
মঙ্গলবার (১০ মে) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ও ঢাকা জেলা কার্যালয়ের প্রধান মো. আব্দুল জব্বার মন্ডলের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
আব্দুল জব্বার মন্ডল বলেন, আমরা অভিযোগের ভিত্তিতে গাজীপুরের বোর্ড বাজারের মেসার্স মনির জেনারেল স্টোরে প্রচুর পরিমাণ তেল মজুদ রয়েছে বলে জানতে পারি। তারা ঈদের আগে প্রচুর পরিমাণ সয়াবিন তেল কিনে গোডাউনে মজুদ করে। এই অভিযোগের প্রমাণ পাওয়ায় দোকানটির মালিক মো. মনির হোসনকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি মজুদকৃত সয়াবিন তেল এখন আমাদের সামনেই বিক্রি করছি।
তিনি আরও বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঢাকাসহ সারাদেশে সয়াবিন তেলের বাজার তদারকি করছে।



