
এবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা অবৈধ সম্পদ অর্জনের মামলায় জামিন পেয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট। ইতোমধ্যে অস্ত্র, মাদক ও অর্থপাচার মামলায়ও জামিন পাওয়ায় তার মুক্তিতে আর কোনো আইনি বাধা নেই।
বুধবার (১১ মে) দুদকের করা মামলায় শুনানি শেষে সম্রাটের জামিন আবেদন মঞ্জুর করেন ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক আল আসাদ মো. আসিফুজ্জামান। তিন শর্তে ১০ হাজার টাকার স্ট্যাম্পে মুচলেকা নিয়ে আগামী ৯ জুন পর্যন্ত তাকে এই মামলায় জামিন দেন আদালত।
শর্তগুলো হলো- আদালতের অনুমতি ছাড়া কোনোভাবেই বিদেশে যাওয়া যাবে না, আদালতে নিজের পাসপোর্ট জমা দিতে হবে এবং আগামী শুনানির দিন স্বাস্থ্যগত পরীক্ষার রিপোর্ট আদালতে জমা দিতে হবে।
বিষয়টি নিশ্চিত করেছেন সম্রাটের আইনজীবী আফরোজা শাহনাজ পারভীন হিরা।
তিনি জানান, আজ সম্রাটের বিরুদ্ধে দুদকের করা দুর্নীতির মামলার অভিযোগ গঠনের দিন ছিল। সেটি পেছানোর জন্য তিনি আবেদন করেন। পাশাপাশি এই মামলায় জামিনের আবেদন করা হয়। পরে শুনানি শেষে আদালত তিন শর্তে তাকে আগামী ৯ জুন পর্যন্ত জামিন দেন।
আইনজীবী আরও জানান, সম্রাটের বিরুদ্ধে মোট চারটি মামলা ছিল। এর মধ্যে তিনটি মামলায় আগেই জামিন পেয়েছেন সম্রাট। আরেকটি মামলায় আজ জামিন পাওয়ায় তার মুক্তিতে আর কোনো বাধা নেই।
২০১৯ সালে ক্যাসিনোবিরোধী অভিযানের পর থেকে পলাতক ছিলেন সম্রাট। পরে ওই বছরের ৬ অক্টোবর ভোরে কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে সম্রাট ও তার এক সহযোগীকে গ্রেপ্তার করে র্যাব। পরে ওইদিন দুপুরে রাজধানীতে তার কার্যালয়ে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মদ, অবৈধ পিস্তল ও বিরল প্রজাতির বন্যপ্রাণীর চামড়া উদ্ধার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বন্যপ্রাণীর চামড়া রাখার দায়ে সঙ্গে সঙ্গেই সম্রাটকে ছয় মাসের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। পরে তার বিরুদ্ধে অস্ত্র, মাদক, অর্থপাচার ও অবৈধ সম্পদ অর্জনের পৃথক চারটি মামলা করা হয়।
অস্ত্র ও অর্থপাচার মামলায় চলতি বছরের ১০ এপ্রিল জামিন পান সম্রাট। এর একদিন পরে অস্ত্র মামলায়ও তাকে জামিন দেন আদালত।


