
রাজধানীর লালবাগে দোকানে দোকানে গিয়ে ট্রেড লাইসেন্স আছে কিনা তা পরীক্ষা করছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
বুধবার (১১ মে) সকালে লালবাগের শহীদ নগর সামাজিক অনুষ্ঠান কেন্দ্র (কমিউনিটি সেন্টার) পরিদর্শনে গিয়ে সেখানকার দোকানগুলোতে এই তদারকি করেন ডিএনসিসি মেয়র।
তদারকির সময় যেসব দোকানে ট্রেড লাইসেন্স টাঙানো নেই, তাদের কাছে সিটি করপোরেশনের দেওয়া এই অনুমতিপত্র দেখতে চান মেয়র তাপস। তখন সবাই ভেতর থেকে ট্রেড লাইসেন্স বের করে তাকে দেখান।
এ সময় মেয়র তাপস দোকানদারদের ট্রেড লাইসেন্স সামনে ঝুলিয়ে রাখার নির্দেশনা দিয়ে বলেন, কোনো দোকানে ট্রেড লাইসেন্স না পাওয়া গেলে সেটি বন্ধ করে দেওয়া হবে। আপনারা ট্রেড লাইসেন্স লেমিনেটিং করে সামনে ঝুলিয়ে রাখবেন। যাতে দোকানে ঢুকেই সেটি দেখা যায়। তাহলে মেয়র এসেও ট্রেড লাইসেন্স দেখতে চাইবে না।
দোকানিদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, ট্রেড লাইসেন্স সামনে ঝুলিয়ে রাখলে সিটি করপোরেশন থেকে যারা পরিদর্শনে আসবেন তাদের যেমন সুবিধা, তেমনি আপনাদেরও সুবিধা। দোকানে ঢুকেই ট্রেড লাইসেন্স দেখতে পেলে, তারা আর কিছু চাইবে না, আপনাদেরও কষ্ট করে খোঁজাখুুঁজি করা লাগবে না।


