
দেশের কয়লা ও এলএনজিভিত্তিক তিন বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পে ৩৯০ কোটি টাকার বেশি দুর্নীতি হয়েছে বলে অভিযোগ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
প্রকল্পগুলো নির্মাণে ভূমি অধিগ্রহণ, ক্রয় ও ক্ষতিপূরণ দেওয়ার ক্ষেত্রে এসব দুর্নীতি হয়েছে বলে জানায় সংস্থাটি।
বুধবার (১১ মে) ‘বাংলাদেশে কয়লা ও এলএনজি বিদ্যুৎ প্রকল্প: সুশাসনের চ্যালেঞ্জ ও উত্তরণের উপায়’ শীর্ষক গবেষণাপত্রে এসব তথ্য তুলে ধরে টিআইবি।
গবেষণা পত্রে টিআইবি জানায়, বাঁশখালী এস এস বিদ্যুৎ কেন্দ্রে ২৫৫ কোটি টাকা, মাতারবাড়ী এলএনজি বিদ্যুৎ কেন্দ্রে ১১৯ কোটি ৪৫ লাখ টাকা ও বরিশাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রে ১৫ কোটি ৫৯ লাখ ৯০ হাজার টাকার দুর্নীতি হয়েছে।
গত বছরের ফেব্রুয়ারি থেকে চলতি বছরের এপ্রিল পর্যন্ত তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে এই গবেষণাপত্র তৈরি করে টিআইবি।
এই দুর্নীতির বিষয়ে টিআইবি বলছে, সরকার নবায়ণযোগ্য জ্বালানি প্রসারে তেমন কোনো পদক্ষেপ নিচ্ছে না। অথচ প্রয়োজন না থাকা স্বত্ত্বেও পরিবেশের ক্ষতি হয় এমন কয়লা ও এলএনজিভিত্তিক বিদ্যুৎ প্রকল্পের অনুমোদন দিয়েছে। জ্বীবাশ্ম জ্বালানি প্রকল্পে দুর্নীতি এবং দ্রুত মুনাফার সুযোগ থাকায় প্রভাবশালীদের স্বার্থে এসব প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। এতে দেশের জ্বালানি খাতের নীতি নির্ধারক ও মন্ত্রণালয়ের কর্মকর্তারা জড়িত রয়েছে।
গবেষণাপত্রটি উপস্থাপন করেন সিনিয়র রির্সাচ ফেলো মো. মাহফুজুল হক ও মো. নেওয়াজুল মওলা। এছাড়া আরো উপস্থিত ছিলেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।


