

খোলা বাজারে আবারো পণ্য বিক্রি করবে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। ট্রাক সেলের মাধ্যমে আগামী সোমবার থেকে পন্য বিক্রি করবে তারা। এদিন থেকে সয়াবিন তেল, মসুর ডাল, চিনি ও রমযানে অবিক্রিত ছোলা বিক্রি করবে সংস্থাটি।
তবে যেসব ক্রেতারা আগ্রহ করে ছোলা কিনতে চাইবেন শুধুমাত্র তাদেরকেই ছোলা দেয়া হবে বলে জানিয়েছেন টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল আরিফুল হাসান।
তিনি জানান, আগের দরেই অর্থাৎ সয়াবিন ১১০ টাকা লিটার, ৬৫ টাকা কেজি মসুর ডাল, ৫৫ টাকা কেজি দরে চিনি বিক্রি করা হবে।
একজন ক্রেতা সর্বোচ্চ দুই কেজি চিনি, ২ লিটার সয়াবিন তেল ও ২ কেজি মসুর ডাল কিনতে পারবেন।
এছাড়াও টিসিবির চেয়ারম্যান বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় আগামী জুনেই কার্ডের মাধ্যমে সারা দেশে এককোটি পরিবারকে টিসিবির পণ্য পৌঁছে দেওয়া হবে।



