
ভারতের অন্ধ্রপ্রদেশের স্থলভাগের কাছে গভীর নিম্নচাপ অবস্থায় থাকা ঘূর্ণিঝড় ‘অশনি’ ক্রমান্বয়ে দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আরো দুর্বল হয়ে গুরুত্বহীন হয়ে পড়বে। তাই দেশের সমুদ্রবন্দরগুলোর ওপর থাকা দুই নম্বর সতর্ক সংকেত নামিয়ে ফেলার নির্দেশনা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১২ মে) সকালে আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক স্বাক্ষরিত ঘূর্ণিঝড় ‘অশনি’ বিষয়ক সর্বশেষ বিশেষ বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারতের অন্ধ্রপ্রদেশের স্থলভাগ ও পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি পশ্চিম দিকে অগ্রসর ও দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। এটি সকাল ৬টায় অন্ধ্রপ্রদেশের উপকূলীয় স্থলভাগ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি ধীরে ধীরে আরো দুর্বল হয়ে গুরুত্বহীন হয়ে পড়বে।
এতে আরো বলা হয়, ঘূর্ণিঝড় ‘অশনি’র প্রভাবে কক্সবাজার, চট্টগ্রাম, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরগুলোতে জারি করা দুই নম্বর সতর্ক সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে।
তবে উত্তর বঙ্গোপসগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে দুর্ঘটনা এড়াতে বিকেল পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।


