
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় অজ্ঞাত পরিচয়ের মাদক চোরাকারবারিদের ধরতে গিয়ে ছুরিকাঘাতে পুলিশের দুই এএসআইসহ ৪ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে সেরাজুল মার্কেট এলাকায়এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, কালীগঞ্জ থানার সহকারী উপ পরিদর্শক শাহজাহান আলী এবং অপরজন মমতাজ উদ্দিন।
এছাড়াও ঘটনায় পুলিশকে সহায়তা করতে গিয়ে কাকিনা ইউনিয়নের চর ইশোরকোল এলাকার মজিমুল ইসলাম এবং আব্দুল খালেক নামের দুই ব্যক্তি ছুরিকাঘাতে স্বীকার হয়।
তাদের প্রত্যেককে কালীগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশের একটি সূত্র জানায়, মাদকের একটি চোরাচালান আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে থানার দুই এএসআই ঘটনাস্থলে পৌঁছায় এবং গাড়িটিকে আটকিয়ে তল্লাশি করার সময় ভেতরে থাকা দুইজন তাদের ছুরি দিয়ে আঘাত করতে থাকে এবং এমন পরিস্থিতিতে দুইজন পথচারী তাদের সাহায্য করতে আসলে তাদেরও ছুরিকাঘাত করা হয়।
গাড়িটি তল্লাশি করে ১৮০ বোতল ফেনসিডিল ও একটি চাকু উদ্ধার করা হয়েছে।



