
দেশের বরিশাল বিভাগ ছাড়া অন্যান্য বিভাগে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। বৃষ্টিপাতের পাশাপাশি তীব্র বাতাসের সাথে বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনার কথাও জানানো হয়েছে।
শনিবার (১৪ মে) আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, পশ্চিমাঞ্চলের দিকে তৈরি হওয়া লঘুচাপের সাথে বঙ্গোপসাগরের জলীয় বাষ্পের সংমিশ্রণে আমাদের দেশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তৈরি হওয়া মেঘের ফলে বরিশাল ছাড়া অন্যান্য সকল বিভাগে ২৩-৮৯ মিলিলিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা আরও জানান, আগামী দুই দিন পর থেকে বৃষ্টিপাত কমে গিয়ে রোদ এবং তাপমাত্রা বৃদ্ধি পাবে।
ঢাকার আজকের আবহাওয়া সম্পর্কে তারা বলেন, ঢাকায় দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব দিক থেকে ১০ থেকে ১৫, পশ্চিম এবং উত্তরপশ্চিম দিক থেকে ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত দমকা হাওয়া এবং বৃষ্টিপাত হতে পারে।


