
শেষ হতে চলেছে স্বপ্নের পদ্মা সেতুর কাজ, এখন শুধু অপেক্ষার পালা। বাংলাদেশের অগ্রযাত্রার এক অনন্য মাইল ফলক পদ্মা সেতু, যা যান চলাচলের জন্য খুলে দিতে এখন প্রস্তুত প্রায়।
জুনের শেষ দিকে পদ্মা সেতু খুলে দিতে মাওয়া প্রান্তে সংযোগ সেতুর নর্থ ভায়াডাক্টের ২০০ মিটার এলাকায় কার্পেটিং করার পরিকল্পনা রয়েছে।
শনিবার সকাল থেকেই কাজ শুরুর কথা থাকলেও বৈরী আবহাওয়ায় দুপুরের দিকে শুরু হয় কর্মযজ্ঞ। এছাড়াও চলছে সেতুর দুই প্রান্তে নামফলক ও ম্যুরাল তৈরির কাজও।
লক্ষ্য রয়েছে আগামী দুই সপ্তাহে বাকি কাজ শেষ করার। জুনে সেতু খুলে দেওয়ার পরিকল্পনা কেন্দ্র করে চলছে শেষ ধাপের কাজ। সেতুর মাওয়া প্রান্ত থেকে সংযোগ সেতুর বাকি অংশের কার্পেটিংয়ের প্রস্তুতি চলছে।
এদিকে সেতু খুলে দেওয়ার উদ্বোধন প্রস্তুতির কর্মযজ্ঞ দেখে খুশি পদ্মাপারের মানুষ।
পদ্মা সেতুর প্রকল্প পরিচালক মো.শফিকুল ইসলাম জানান, আগামী মাসে সেতু খুলে দিতে প্রকল্প এলাকায় চলছে বিশেষ প্রস্তুতি। আগামী দুই সপ্তাহে ভায়াডাক্টের বাকি ৪৩ শতাংশ কাজ শেষ করার টার্গেট রয়েছে। মূল পদ্মা সেতুর কাজের অগ্রগতি ৯৮ শতাংশ, আর সার্বিক অগ্রগতি ৯৩ শতাংশ।


