
দেশকে মাদকমুক্ত করতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে চলছে সরকার। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোও প্রতিদিন দেশের বিভিন্ন জায়গায় চালাচ্ছে মাদক বিরোধী অভিযান। এরই অংশ হিসেবে এবার রাজধানীতে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৫৩ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি)।
শনিবার (১৪ মে) সকাল ৬টা থেকে রোববার (১৫ মে) সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে ডিএমপির অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
এ সময় গ্রেপ্তারদের কাছ থেকে জব্দ করা হয় ছয় হাজার ১৯৯ পিস ইয়াবা, সাড়ে ২০ কেজি গাঁজা, ৯৩ গ্রাম ১১ পুরিয়া হেরোইন ও ১৫৪ বোতল ফেন্সিডিল।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানায় ৪২টি মামলাও দায়ের করা হয়েছে।



