
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এবার রাজধানীতে মোট ১৯টি পশুর হাট বসানোর সিদ্ধান্ত নিয়েছে ঢাকার দুই সিটি করপোরেশন। এরমধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) বসবে ৭টি এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) বসবে ১০টি হাট।
ডিএনসিসি’র প্রধান সম্পত্তি কর্মকর্তা মোজাম্মেল হক ও ডিএসসিসি’র প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিনের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।
মহামারি করোনার কারণে গত দুই বছর রাজধানীতে পশুর হাটের সংখ্যা কিছুটা কম ছিল। তবে এবার সংক্রমণ পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে থাকায় হাটের সংখ্যা বাড়ানো হয়েছে। হাটগুলোর মধ্যে দুটি স্থায়ী এবং বাকি ১৭টি হবে অস্থায়ী হাট। এছাড়া গতবারের মত এবারও চালু থাকবে ডিএনসিসির ডিজিটাল পশুর হাট।
স্থায়ী হাট দুটি হলো- ডিএনসিসির গাবতলী স্থায়ী পশুর হাট এবং ডিএসসিসির সারুলিয়া স্থায়ী পশুর হাট। এই হাট দুটিতে বছরের অন্যান্য সময়ও ইজারার মাধ্যমে পশু বিক্রি চলমান থাকে।
সিটি করপোরেশন সূত্রে জানা যায়, অস্থায়ী হাটগুলোর মধ্যে ১৪টি হাট ইজারা দেওয়ার কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। বাকিগুলোও ইজারা দেওয়ার প্রস্তুতি চলছে।
ডিএনসিসির অস্থায়ী হাটগুলো হলো- ভাটারা (সাইদনগর) পশুর হাট, মিরপুর সেকশন ৬ ইস্টার্ন হাউজিংয়ের খালি জায়গা, কাওলা শিয়ালডাঙ্গাসংলগ্ন খালি জায়গা, মোহাম্মদপুর বছিলায় ৪০ ফুট রাস্তাসংলগ্ন খালি জায়গা, বাড্ডা ইস্টার্ন হাউজিং ব্লক-ই থেকে এইচ পর্যন্ত এলাকার খালি জায়গা, উত্তরা ১৭ নম্বর সেক্টর এলাকায় অবস্থিত বৃন্দাবন থেকে উত্তর দিকে বিজিএমইএ পর্যন্ত খালি জায়গা এবং ৩০০ ফিট সড়কসংলগ্ন উত্তর পাশের সালাম স্টিল-যমুনা হাউজিং কোম্পানির খালি জায়গা।
ডিএসসিসির অস্থায়ী হাটগুলো হলো- লালবাগের রহমতগঞ্জ ক্লাবসংলগ্ন আশপাশের খালি জায়গা, পোস্তগোলা শ্মশানঘাট সংলগ্ন আশপাশের খালি জায়গা, আমুলিয়া মডেল টাউনের আশপাশের খালি জায়গা, ধোলাইখাল ট্রাক টার্মিনাল সংলগ্ন উন্মুক্ত জায়গা, উত্তর শাহজাহানপুর খিলগাঁও রেলগেট বাজার মৈত্রী সংঘের ক্লাবসংলগ্ন আশপাশের খালি জায়গা, শ্যামপুর-কদমতলী ট্রাকস্ট্যান্ডসংলগ্ন খালি জায়গা, হাজারীবাগ এলাকায় ইনস্টিটিউট অব লেদার টেকনোলজি মাঠসংলগ্ন উন্মুক্ত এলাকা, দনিয়া কলেজ মাঠসংলগ্ন খালি জায়গা, মেরাদিয়া বাজারসংলগ্ন আশপাশের খালি জায়গা এবং লিটল ফ্রেন্ডস ক্লাবসংলগ্ন খালি জায়গা।



