
সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্প নিয়ে সমালোচনাকারীদের গ্রামে যাওয়ার অনুরোধ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, রাজধানীতে বসে সমালোচনা না করে গ্রামে যান। পরিবর্তনটা কোথায় হয়েছে সেটা গ্রামাঞ্চলের বাস্তব চিত্র দেখলেই বুঝতে পারবেন। সরকারের বিভিন্ন উদ্যোগের ফলে মানুষ কতটা সুফল ভোগ করছে তা দেখতে পারবেন।
সোমবার (১৬ মে) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক উদ্বোধন অনুষ্ঠানে তিনি সরকারের সমালোচনাকারীদের উদ্দেশে এসব কথা বলেন।
‘টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি)-এর বাস্তবায়ন পর্যালোচনার জন্য দ্বিতীয় জাতীয় সম্মেলনের’ উদ্বোধন অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন প্রধানমন্ত্রী।
সরকার প্রধান বলেন, অনেকে সরকারের উন্নয়ন প্রকল্পগুলোর সমালোচনা করেন। তারা শুধু প্রকল্পের ব্যয়ের দিকটাই দেখেন। ব্যয় হলেও এতে যে মানুষ উপকৃত হচ্ছে, সুফল ভোগ করছে সেটি তারা দেখেন না।
দেশের খেটে খাওয়া মানুষের ভাগ্য পরিবর্তনই আওয়ামী লীগ সরকারের লক্ষ্য উল্লেখ করে শেখ হাসিনা বলেন, আমরা এসব খেটে খাওয়া মানুষের জীবনযাপন উন্নত করার লক্ষ্যে কাজ করছি। চলমান উন্নয়ন প্রকল্পগুলো শেষ হলে আমরা আমাদের অভীষ্টে পৌঁছাতে পারবো।
মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে সমালোচনাকারীদের উদ্দেশে তিনি বলেন, সবাই যাতে কথা বলতে পারে সেজন্য আমরা টেলিভিশন উন্মুক্ত করে দিয়েছি। এখন সবাই টক শো করতে পারেন। আবার সেই টকশোতে গিয়েই বলেন, তাদের কথা বলতে দেওয়া হয় না।



