
ইউক্রেন-রাশিয়ার মধ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি আন্তর্জাতিক বাজারের পাশাপাশি দেশের বাজারেও প্রভাব ফেলেছে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। এ জন্য সামনে খাদ্যপণ্যের বাজারে কিছুটা সংকট তৈরি হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি। তবে ভয় না পেয়ে সবাইকে সাশ্রয়ী হওয়ারও আহ্বান জানান তিনি।
সোমবার (১৬ মে) বিএসআরএফ সংলাপে এই আহ্বান জানান তিনি। সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে এই সংলাপের আয়োজন করে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ)।
টিপু মুনশি বলেন, আমরা বৈশ্বিক সমস্যার মধ্য দিয়ে যাচ্ছি। ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারের অবস্থা ভালো না। যার প্রভাব পড়েছে আমাদের দেশেও। তাই তেল, চিনি, ডালসহ বিভিন্ন খাদ্যপণ্যের দাম নিয়ে অস্থিরতা তৈরি হয়েছে।
ভোজ্যতেলের সংকট ও দাম বৃদ্ধির বিষয়ে তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়লে আমাদের দেশেও দাম বৃদ্ধি পায়। কারণ দেশের চাহিদার ৯০ শতাংশই আমাদের বিদেশ থেকে আমদানি করতে হয়। ঈদের সময় আমরা তেলের দাম বাড়াতে চাইনি। ব্যবসায়ীদের বলেছিলাম, ঈদের পর দাম সমন্বয় করা হবে। অনেক ব্যবসায়ী ঈদের পর দাম বাড়তে পারে ধারণা করে তেল মজুদ করে রেখেছিল।
এমন অনেক অসাধু ব্যবসায়ীর বিরুদ্ধে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান টিপু মুনশি।
তিনি আরো বলেন, অনেকে বাংলাদেশের সঙ্গে শ্রীলঙ্কার তুলনা করে অপপ্রচার করছেন। বাংলাদেশে এমনটি ঘটার কোনো সম্ভাবনা নেই। বরং শ্রীলঙ্কার এমন পরিস্থিতিতে আমরা নিজেরাই তাদের ঋণ দিয়েছি।


