

ভোলায় ঝড়ের কবলে পড়ে মেঘনা নদীতে ডুবে গেছে একটি বালুবোঝাই বাল্কহেড। তবে এই ঘটনায় কেউ হতাহত হননি।
শনিবার (২১ মে) সকাল সাড়ে ৯টার দিকে জেলার তুলাতলী এলাকায় মেঘনা নদীতে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বালুবোঝাই বাল্কহেডটি ওই এলাকা দিয়ে যাওয়া সময় হঠাৎ ঝড়ের কবলে পড়ে। তখন দুর্ঘটনা এড়াতে চালক বাল্কহেডটি তীরে ভেড়ানোর চেষ্টা করে। কিন্তু তীরে ভেড়ানোর আগেই তুলাতলী ঘাটের কাছে সেটি ডুবে যায়। সঙ্গে সঙ্গে স্থানীয়রা বাল্কহেডটিতে থাকা মাস্টার, শুকানিসহ পাঁচজনকে জীবিত উদ্ধার করেছে।
এই বিষয়ে যোগাযোগ করা হলে ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন বলেন, তিনি এই বিষয়টি জানেন না। তবে খোঁজ খবর নিয়ে দেখছেন।


