
চট্টগ্রামে প্যারেড শেষে ফেরার পথে শিল্প পুলিশের দুটি পিকআপ ভ্যানকে ধাক্কা দিয়েছে একটি যাত্রীবাহী বাস। এতে অন্তত ২০ জন পুলিশ সদস্য আহত হয়েছেন।
শনিবার (২১ মে) নগরীর পাহাড়তলীর সাগরিকা এ কে খান গেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
আহতদের উদ্ধার করে দামপাড়া পুলিশ হাসপাতাল ও চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পাহাড়তলী-হালিশহর এলাকায় দায়িত্বরত পুলিশ পরিদর্শক শিল্পী রাণী দেবনাথ জানান, শিল্প পুলিশের ৩৯ জন সদস্য প্যারেড শেষে পিকআপ ভ্যানে করে ফিরছিলেন। তাদের তিনটি পিকআপ ভ্যানের মধ্যে দুটি মূল রাস্তায় ওঠা মাত্রই সিটি সার্ভিসের একটি যাত্রীবাহী বাস ধাক্কা দেয়। এতে ওই দুটি ভ্যানে থাকা অন্তত ২০ জন পুলিশ সদস্য আহত হয়েছেন।
পরে তাদের উদ্ধার করে দামপাড়া পুলিশ হাসপাতালে পাঠানো হলে গুরুতর আহত ১৩ জনকে চমেক হাসপাতালে স্থানান্তর করা হয়।
চমেক হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে কারো মাথা ফেটে গেছে, কেউ মাথায় আঘাত পেয়েছেন, কারো আবার কোমড় ভেঙে গেছে। তাদের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, ঘাতক বাসটিকে জব্দ করা হলেও চালক পালিয়ে গেছেন।



