

মুন্সিগঞ্জে ঢেউয়ের তোড়ে ধান বোঝাই একটি ট্রলার পদ্মা নদীতে ডুবে গেছে। এই ঘটনায় ট্রালারটিতে থাকা ১৫ শ্রমিকের মধ্যে দুই জন নিখোঁজ রয়েছেন।
শনিবার (২১ মে) সকাল ৬টার দিকে জেলার লৌহজং উপজেলার মাওয়া ঘাট সংলগ্ন পদ্মা সেতুর কাছে এই দুর্ঘটনা ঘটে।
নিখোঁজ শ্রমিকরা হলেন- হেলাল (৩৫) ও দাদন (৪০)। তাদের দুইজনই ধান কাটার শ্রমিক।
স্থানীয় সূত্রে জানা যায়, সিলেট থেকে ধান নিয়ে একটি ট্রলার ফরিদপুর যাচ্ছিল। ট্রালারটি সকালে পদ্মা নদীর মাওয়া এলাকায় এলে তীব্র স্রোত ও ঢেউয়ের তোড়ে ডুবে যায়। এ সময় ট্রলারে থাকা ১৫ জন শ্রমিকের মধ্যে ১৩ জন সাঁতরে তীরে উঠে। নিখোঁজ হন দুইজন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছেছে। তবে নদীতে তীব্র স্রোতের কারণে এখনো উদ্ধার অভিযান শুরু করা যায়নি।
বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ডুবুরি দলের প্রধান আবুল খায়ের। তিনি জানান, তীব্র স্রোতের কারণে নিখোঁজদের অবস্থান এখনো শনাক্ত করা যায়নি।



